মঙ্গলবার, মে ২৬, ২০২৬
১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় দলের হয়ে আর টি-টোয়েন্টি খেলবেন না মুশফিকুর রহিম

তবে বিপিএল এবং ফ্রাঞ্চাইজি লীগ খেলবেন
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩১ এএম

জাতীয় দলের হয়ে আর টি-টোয়েন্টি খেলবেন না মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

এশিয়া কাপে ভরাডুবির পর গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফিরেই বড় ধরনের সিদ্ধান্তে পৌঁছালেন দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

রোববার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে বিষয়টি নিশ্চিত করেন তিনি। পোস্টে তিনি লেখেন, ‘সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারব দেশের জন্য। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি-টোয়েন্টি ফরম্যাটে।

এদিকে টি-টোয়েন্টি দলে মুশফিকুর রহিমের জায়গা বেশ নড়বড়ে হয়ে পড়ে। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরে জিম্বাবুয়ে সফরে তাকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। তারপর এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে দলে ফিরেছিলেন মুশফিক।

এবারের এশিয়া কাপে নিজেকে মেলে ধরতে পারেননি ৩৫ বছর বয়সী এই তারকা খেলোয়াড়। এশিয়া কাপে দুই ম্যাচে করেছেন ৫ রান। বাজে পারফরম্যান্সের কারণে সমর্থকদের সমালোচনার মুখে পড়েন মুশফিক। তবে এশিয়া কাপের পর দেশে ফিরেই এমন সিদ্ধান্ত নিলেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তার এমন সিদ্ধান্ত দলে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।

টি-টোয়েন্টিতে  মুশফিক ১০২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯.৪৮ গড়ে তার ক্যারিয়ার শেষ করেন। যেখানে রান সংগ্রহ করেছেন ১৫০০। স্ট্রাইক রেট ১১৫.০৩, আর পঞ্চাশ রানের ইনিংস রয়েছে তার ঝুলিতে মোট ৬টি। বাংলাদেশের হয়ে মুশফিক প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন ২০০৬ সালে, খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে।

Total reactions: 0

Comments (0)

Register to comment