রংপুরের তারাগঞ্জে অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাত দিনের নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।
(১১ সেপ্টেম্বর) সকালে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কের খারুভাজ ব্রিজ সংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় এমন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর নাছির উদ্দিনের ছেলে বরাত (৩০), জাহানুর ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪০) ও সাত দিনের নবজাতক।
জানা যায়, রোববার ভোর সাড়ে ৫টায় উপজেলার খারুভাজ ব্রিজ থেকে পশ্চিমে কয়েক গজ দূরে সলেয়াশা বাজারের কাছে ভাই ভাই এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাদের মধ্যে সাত দিনের একটি নবজাতকসহ তিনজন নিহত হন।
পুলিশ জানায়, ভোরে নীলফামারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবাসযোগে আসার পথে সলেয়াশা বাজারের কাছে অপর দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসে থাকা একই পরিবারের ৭ জন আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।
Comments (0)