সোমবার, মার্চ ১৬, ২০২৬
১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:০২ এএম

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ
আরামদায়ক গণপরিবহন সেবা দিতে প্রস্তুত দেশের প্রথম মেট্রোরেল

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা আর সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্র’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য ভাড়া মওকুফ থাকবে।

ওবায়দুল কাদের জানান, মেট্রোরেলে মাসিক, সাপ্তাহিক, পারিবারিক এবং কার্ডে ভাড়া দেওয়ার বিশেষ সুবিধা থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড় পাবেন।

শিক্ষার্থীরা মেট্রোরেলে কোনো ছাড় পাবে কি না এমন প্রশ্নের উত্তরে সড়ক মন্ত্রী জানান, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নিবো।

এসময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইহুও হায়েকাওয়া এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এদিকে গত ২২ আগস্ট এক সংবাদ সম্মেলনে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, মেট্রোরেলে প্রতি সাড়ে তিন মিনিট পরপর একটি করে ট্রেন চলাচল করার কথা। তবে শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চালানো হবে। যাত্রীরা কিছুটা অভ্যস্ত হয়ে উঠলে এবং যাত্রী সংখ্যা বাড়লে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের বিরতি কমিয়ে আনবো।

তিনি জানান, ঢাকার প্রথম মেট্রোরেল আগামী ডিসেম্বরে চালু হচ্ছে। প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। এজন্য ১০ সেট (প্রতি সেটে ৬টি বগি) ট্রেন প্রস্তুত করা হয়েছে। ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে।

Total reactions: 0

Comments (0)

Register to comment